আজ বিদ্যার দেবী সরস্বতী পূজা
আজ রোববার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিদ্যাদেবীর কৃপালাভের আশায় রাজধানীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঘরে ঘরে এই পূজা উদ্যাপিত হবে। ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।
আজ সরস্বতী পূজা হলেও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে রামকৃষ্ণ মিশন গতকাল পূজার আয়োজন করে। ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশন মূল মন্দিরে সকাল সাড়ে আটটায় পূজা ছাড়াও গতকাল সকাল থেকে ভক্তিমূলক গান ও অন্যান্য কর্মসূচি পালন করে। বেলা ১১টায় শুরু হয় অঞ্জলি প্রদান অনুষ্ঠান।
রামকৃষ্ণ মিশনের অনুসরণে গতকাল রাজধানীর অনেক বাড়িতেও সরস্বতী পূজার আয়োজন করা হয়েছিল।
আজ সার্বিকভাবে মহল্লায় মহল্লায় পূজামণ্ডপে পূজার্থীরা মায়ের পাদপদ্মে অঞ্জলি দেবেন। দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হবে অনেক স্থানে। এ ছাড়া কিছু মণ্ডপে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, শাঁখারীবাজার, তাঁতীবাজার প্রভৃতি স্থানে বিভিন্ন মণ্ডপে আজ পূজা অনুষ্ঠিত হবে। শুধু জগন্নাথ হলেই ৫০টির মতো মণ্ডপে পূজা হবে। রোকেয়া হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, শামসুন্নাহার হলেও উদ্যাপিত হবে সরস্বতী পূজা। এবার প্রথম সংসদ সচিবালয়ে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।
মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী মন্দিরে কেন্দ্রীয়ভাবে সরস্বতী পূজার আয়োজন করেছে। মন্দিরে আজ সকাল ছয়টায় প্রতিমা স্থাপন করা হবে। পূজা শুরু হবে সকাল আটটায়। সকাল সাড়ে নয়টায় অঞ্জলি প্রদান, দুপুর ১২টায় প্রসাদ বিতরণ এবং সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হবে।