আজ বিদ্যার দেবী সরস্বতীর পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে।’ সনাতন ধর্মাবলম্বীরা মাঘ মাসের শুক্লা পঞ্চমীর পুণ্য তিথিতে এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের লক্ষ্যে বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা করেন। আজ বাণী অর্চনা ও বিদ্যার দেবী শ্রীশ্রী মা সরস্বতীর পূজা।সরস্বতী পূজা উপলক্ষে আজ সকালে ভক্তরা উপবাস রেখে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেবেন। পুরোহিত সাধন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বেদে সরস্বতীকে জ্যোতিস্বরূপ ও নদীরূপে পূজা করা হয়। পুরাণে সরস্বতী বাগ্ ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীরূপে পূজিত হন। এই বিশ্বাসে বরাবরের মতো এবারও বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের জন্য দেবী সরস্বতীর আরাধনা করবেন ভক্তরা। পূজারি ও ভক্তরা জানিয়েছেন, আজ সকালে উপবাস থেকে ভক্তরা দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেবেন। এরপর মায়ের প্রসাদ গ্রহণ ও বিতরণ করা হবে। এ ছাড়া সন্ধ্যায় সন্ধ্যা-আরতি ছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।সরস্বতী পূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দুসম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, দেবী সরস্বতী জ্ঞানালোক, ন্যায় ও সত্যের প্রতীক এবং বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। এই দিনে সবাই নির্মল জ্ঞান ও সংস্কৃতিচর্চায় ব্যাপৃত থেকে জাতীয় কল্যাণে নিজেদের নিয়োজিত করবেন বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। এ ছাড়া মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সরস্বতী পূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে।এবারও রাজধানীতে সরস্বতী পূজার মূল আকর্ষণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। এবার জগন্নাথ হলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সমানসংখ্যক পৃথক মণ্ডপে পূজা দেবেন। তবে ওই হলে বরাবরের মতো মণ্ডপ ও প্রতিমায় এবারও চমক উপস্থাপন করেছেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। টানা ২২ দিনের পরিশ্রমে নির্মিত হয়েছে ৩২ ফুট উচ্চতার দৃষ্টিনন্দন শ্বেতশুভ্র বিশাল প্রতিমা। এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজার আয়োজন করেছে।