আজ বিশ্ব খাদ্য দিবস

‘জলবায়ু বদলাচ্ছে, খাদ্য ও কৃষিকেও বদলাতে হবে’ স্লোগান সামনে রেখে আজ ১৬ অক্টোবর বাংলাদেশসহ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। দিবসটি উপলক্ষে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জলবায়ু পরিবর্তন, ক্ষুধা ও অতি দারিদ্র্যকে একসঙ্গে মোকাবিলা করার অঙ্গীকার করেছে।
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে দেশের বিভিন্ন বেসরকারি সংস্থা নানা কর্মসূচি পালন করছে। জলবায়ু পরিবর্তনের কারণে দেশের কৃষি খাতের যে বদলগুলো হচ্ছে তা সম্মিলিতভাবে মোকাবিলার জন্য একযোগে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচিতে নানা অনুষ্ঠান রাখা হয়েছে।
খাদ্য দিবসের মূল আয়োজন হিসেবে আজ সকাল ১০টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় একটি আলোচনা সভার আয়োজন করেছে। সেখানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে।
খাদ্য দিবস উপলক্ষে খাদ্য নিরাপত্তাবিষয়ক বেসরকারি সংস্থাগুলোর জোট খাদ্য অধিকার, বাংলাদেশ আজ সকাল ১০টায় একটি র্যা লি, জমায়েত ও আলোচনা সভার আয়োজন করেছে। বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন।