আজ বিশ্ব মা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ও ওহাইয়োর মাঝামাঝিতে ওয়েবস্টার জংশন। এ এলাকার বাসিন্দা অ্যান মেরি রিভস জার্ভিস সারাটা জীবন ব্যয় করেছেন অনাথ-আতুরের সেবায়। এই মানুষটি মারা গেলেন ১৯০৫ সালে। নীরবে-নিভৃতে যে মা আর্তের সেবায় ছুটে বেড়িয়েছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে, তাঁকে সম্মান দিতে চাইলেন মেয়ে আনা জার্ভিস। অ্যান মেরি রিভস জার্ভিসের মতো দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে আনা জার্ভিস প্রচার চালাতে শুরু করলেন। সাত বছরের চেষ্টায় মা দিবস মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পেল।মা দিবসের মূল উদ্দেশ্য হলো মাকে যথাযথ সম্মান দেওয়া, যে মা জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন, তাঁকে শ্রদ্ধা প্রদর্শন করা। মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা, তা প্রকাশের সুযোগ হয়ে ওঠে না সিংহভাগ মানুষেরই। মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মা দিবস সন্তানদের এ সুযোগ করে দেয়। পশ্চিমা বিশ্বে দিবসটির উৎপত্তি; উদ্যাপনের ঘটাও সেখানে বেশি। বিশ্বের বহু দেশে কেক কেটে মা দিবস উদ্যাপন করা হয়। উপহার হিসেবে সন্তানেরা মাকে দেয় কার্ড বা চকলেট। তবে মা দিবসের প্রবক্তা আনা জার্ভিস এই বাণিজ্যিকীকরণের বিরোধী ছিলেন। তিনি আক্ষেপ করে একবার বলেছিলেন, ‘মাকে কার্ড দিয়ে শুভেচ্ছা জানানোর অর্থ হলো, মা তোমার জন্য এত কিছু করেছেন, তাঁকে দুই কলম লেখার সময় হয় না তোমার? আর যে চকলেট উপহার হিসেবে দাও, তার বেশির ভাগই চলে যায় তোমার পেটে।’ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মা দিবস উদ্যাপিত হচ্ছে কয়েক বছর ধরে। কিন্তু বাঙালির মাতৃভক্তির ইতিহাস বহু পুরোনো। দুর্যোগ মাথায় নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাঁতরে নদী পার হয়েছিলেন মাকে দেখবেন বলে।