আজ বিশ্ব মানবাধিকার দিবস
আজ ১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। সেই থেকে দিনটি পৃথিবীর বিভিন্ন দেশে মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।মানবাধিকার দিবসের এবারের স্লোগান ‘মানবাধিকার উদ্যাপন করো’। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন দিনটি উদ্যাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে।জাতীয় মানবাধিকার কমিশন আজ শনিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে মানবাধিকার দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে। এ বছর কমিশনের মূল প্রতিপাদ্য ‘মানবাধিকার প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগ: তরুণদের কণ্ঠস্বর’। দিনটি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক।বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে অনুষ্ঠিত হবে বিশেষ অ্যাডভোকেসি সভা। বলপূর্বক উধাও করাসংক্রান্ত আন্তর্জাতিক সনদ কার্যকর করার বিষয়ে এই সভা অনুষ্ঠিত হবে রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে। সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডি বিকেল চারটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করেছে।আরও কিছু মানবাধিকার, সামাজিক ও উন্নয়ন সংগঠন দিনটি উপলক্ষে শোভাযাত্রা, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এদের মধ্যে জাতিসংঘ সমিতি, জাতীয় মহিলা আইনজীবী সমিতি, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক, সামাজিক প্রতিরোধ কমিটি, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ, মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন উল্লেখযোগ্য।