আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
আজ বুধবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য: ‘বিষণ্নতা: একটি বৈশ্বিক সংকট’।জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল সূত্র জানায়, দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৪ দশমিক ৬ শতাংশ এবং শিশু-কিশোরদের ১ শতাংশ বিষণ্নতায় আক্রান্ত। বিষণ্নতার কারণে ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হয়। বিষণ্নতা কর্মক্ষমতা কমিয়ে দেয়, মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়ে। অনেক সময় বিষণ্নতার কারণে মানুষ আত্মহত্যা করে। তাই বিষণ্নতায় আক্রান্ত মানুষের দ্রুত চিকিৎসা প্রয়োজন।বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শোভাযাত্রা, লিফলেট ও পোস্টার বিতরণ এবং আলোচনা সভা। আজ সকাল ১০টায় এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল।দিনটিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ অক্টোবর থেকে বিশেষ সিম্পোজিয়াম শুরু হয়েছে। আজ সিম্পোজিয়ামের শেষ দিন।