আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ২০০২ সাল থেকে জুন মাসের ১২ তারিখে দিবসটি পালন করা শুরু করে। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আজ বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হবে। আইএলও এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে—উৎপাদন থেকে পণ্যভোগ, শিশুশ্রম বন্ধ হোক।
দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার শিশুদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী সরকারের পাশাপাশি শিশুশ্রম প্রতিরোধ ও শিশুদের কল্যাণে বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, সিভিল সোসাইটি, গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান, মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে গতকাল শনিবার মানুষের জন্য ফাউন্ডেশন জাতীয় প্রেসক্লাবে ‘শিশুশ্রম নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে। কর্মশালা শেষে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এবং কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ দেওয়ার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখন পর্যন্ত ৪৬টি মামলা করেছে সরকার।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সেমিনারে শিশুদের জন্য বড় বড় কথা বলি। আবার বাসায় গিয়ে শিশুশ্রমে নিয়োজিত শিশুকে মারধর করি। মানসিকতার পরিবর্তন না হলে শিশুদের জন্য কোনো কাজই ঝুঁকিমুক্ত হবে না।’
কর্মশালায় সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।