আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস
আজ ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। প্রতিবছরের মতো এবারও দিবসটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালন করা হবে। এবারের প্রতিপাদ্য ‘২০১৬ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন’। দিবসটি পালন উপলক্ষে গতকাল শুক্রবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে বলেছেন, ‘অন্যান্য দেশের মতো আমাদের দেশেও নবম বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন হচ্ছে জেনে আমি আনন্দিত।’ তিনি সব সরকারি প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, শ্রমিক ও মালিকদের সংগঠনসহ সবাইকে শিশুদের প্রতি সংবেদনশীল হওয়ার আহ্বান জানান।গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, বিভিন্ন সংগঠন নীতিমালা প্রণয়ন ও আইনি ব্যবস্থা গ্রহণের পরও শিশুশ্রমিক কমছে না। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও আন্তর্জাতিক লেবার অরগানাইজেশন (আইএলও) সম্মেলনে তাদের উদ্যোগ এবং গত দুই বছরে সরকারের গৃহীত কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে। এসব সংগঠনের প্রতিনিধিরা বলেন, এর আগে ২০১৫ সালের মধ্যে শিশুশ্রম বন্ধের লক্ষ্য নির্ধারণ করা হলেও সেদিকে খুব বেশি এগোনো সম্ভব হয়নি। এবার ২০১৬ সালের লক্ষ্য অর্জন করতে চাইলে সংশ্লিষ্ট সব গোষ্ঠীর মধ্যে সমন্বয় জরুরি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব নমিতা হাওলাদার, জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) শিশু সুরক্ষাবিষয়ক বিশেষজ্ঞ ইউকো ওসাওয়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অরুণ কান্তি আইচ প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রিস্টিন জলমস, আরিফা এস শারমীন, আইনজীবী, সাংবাদিকসহ শিশুদের নিয়ে কর্মরত সংস্থার প্রতিনিধিরা। বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন (বিএলএফ) গতকাল মুক্তাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ফাউন্ডেশনের মহাসচিব জেড এম কামরুল আনামের নেতৃত্বে মানববন্ধন থেকে অবিলম্বে শিশুশ্রমনীতি ঘোষণাসহ সাত দফা দাবি তুলে ধরা হয়।