আজ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের শাহাদাতবার্ষিকী

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৪৪তম শাহাদাতবার্ষিকী আজ ১০ ডিসেম্বর। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাত্র ছয় দিন আগে খুলনায় রুহুল আমিন শাহাদাতবরণ করেন। তাঁর শাহাদাতবার্ষিকীতে গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেউটি ইউনিয়নের শহীদ রুহুল আমিন নগরে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
১৯৫১ সালে রুহুল আমিন নৌবাহিনীতে যোগ দেন। মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের যোদ্ধা ছিলেন তিনি। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর খুলনার রূপসা নদীতে যুদ্ধজাহাজ পলাশে দায়িত্বরত অবস্থায় পাকিস্তানের বিমানবাহিনীর নিক্ষিপ্ত গোলায় তিনি শহীদ হন।
আজ সকালে রুহুল আমিন স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, বীরশ্রেষ্ঠের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। আলোচনা সভায় উপস্থিত থাকবেন নোয়াখালী-১ আসনের সাংসদ এ এইচ এম ইব্রাহিম, জেলা পরিষদের প্রশাসক এ বি এম জাফর উল্লাহ।