আজ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের শাহাদতবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ ১০ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেউটি ইউনিয়নের শহীদ রুহুল আমিন নগরে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জাদুঘর সূত্র জানায়, কর্মসূচির মধ্যে আজ শনিবার সকালে জাদুঘর প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, বীরশ্রেষ্ঠর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ১৯৩৪ সালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার (বর্তমান সোনাইমুড়ী) দেউটি ইউনিয়নের বাগপাঁচরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫১ সালে নৌবাহিনীতে নায়েক হিসেবে চাকরি শুরু করেন। মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের অধীন যুদ্ধ করেন তিনি। চূড়ান্ত বিজয়ের মাত্র ছয় দিন আগে খুলনায় রূপসা নদীতে যুদ্ধজাহাজ পলাশে দায়িত্বরত অবস্থায় পাকিস্তান বিমানবাহিনীর গোলায় এ বীরযোদ্ধা শহীদ হন।