আজ বৃষ্টি কমতে পারে
গত তিন বছর আষাঢ় মাসে বৃষ্টি কম হলেও এবার আষাঢ় এসেছে তার চিরায়ত রূপে৷ সারা দেশের আকাশ ঘন কালো মেঘে ঢেকে দিয়ে ঝমঝমে বৃষ্টি নিয়ে৷ আষাঢ়ের ৪ তারিখ (১৮ জুন) থেকে চলেছে সেই বারিধারাপাত৷
গতকাল সোমবার অবশ্য বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে৷ তবে থেমে থেমে বৃষ্টি ছিল সারা দিন-রাত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার তা আরও কিছুটা কমতে পারে৷
গতকাল সারা দেশেই কমবেশি বৃষ্টি হয়েছে৷ তবে বৃষ্টি যাঁদের পছন্দ নয়, তাঁদের জন্য গতকালও রাজধানী ঢাকাই ছিল ভালো জায়গা। কারণ, গতকাল যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালীর পর ঢাকাতেই সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে৷ তবে রাজধানীতে যে ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে, তাতেই অনেক রাস্তাই জলাবদ্ধ হয়েছে৷ বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা আর যানজট ভালোই ভুগিয়েছে নগরবাসীকে৷ তবে সন্দ্বীপবাসীর দুর্ভোগের কথা ভাবলে রাজধানীবাসী কিছুটা সান্ত্বনা পেতে পারেন। গত ২৪ ঘণ্টায় সন্দ্বীপে বৃষ্টি হয়েছে ৩০২ মিলিমিটার।