আজ বেগম ফজিলাতুননেসার জন্মবার্ষিকী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুননেসা মুজিবের ৮৫তম জন্মবার্ষিকী আজ ৮ আগস্ট। দিনটি উপলক্ষে আওয়ামী লীগ, এর সহযোগী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ফজিলাতুননেসা মুজিব ছিলেন সহজ-সরল আর নিরহংকারী। তিনি বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস জুগিয়ে স্বাধীনতা ও মুক্তির সংগ্রামকে সঠিক লক্ষ্যে নিয়ে যেতে ভূমিকা রাখেন।
ফজিলাতুননেসার জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল সাড়ে আটটায় বনানী কবরস্থানে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল। বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে স্বেচ্ছাসেবক লীগের ও বেলা তিনটায় শিল্পকলা একাডেমীতে যুবলীগের আলোচনা সভা হবে। বাদ আসর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ ফজিলাতুননেসা মুজিবের জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এসব কর্মসূচিতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ ফজিলাতুননেসা মুজিব হল মিলনায়তনে সন্ধ্যা সাতটায় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব মেমোরিয়াল স্বর্ণপদক, বৃত্তি প্রদান, স্মারক বক্তৃতা ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হবে।
জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল শুক্রবার এক বিবৃতিতে বেগম ফজিলাতুননেসা মুজিবের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করতে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী, সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
১৯৩০ সালের আজকের দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন।