আজ বেগম ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী আজ ৮ আগস্ট। দিনটি উপলক্ষে আওয়ামী লীগ, এর সহযোগী ভ্রাতৃপ্রতিম, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ‘ফজিলাতুন্নেছা মুজিব আমৃত্যু স্বামীর পাশে থেকে দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান রেখেছেন। তিনি ছিলেন সহজ-সরল ও নিরহংকারী।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা যুগে যুগে বাঙালি নারীদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’
ফজিলাতুন্নেছার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে আটটায় বনানীতে তাঁর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল। সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে ধানমন্ডি ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বেলা তিনটায় ছাত্রলীগের আলোচনা সভা, বাদ আসর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং যুব মহিলা লীগ দিনটি উপলক্ষে পথশিশুদের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচি নিয়েছে। বিকেল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল স্বর্ণপদক, বৃত্তি প্রদান ও স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে।
১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফজিলাতুন্নেছা মুজিব জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির জনকের হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন।