আজ বেবী মওদুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

সাংবাদিক ও সাবেক সাংসদ বেবী মওদুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৫ জুলাই। ২০১৪ সালের এই দিনে তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তেকাল করেন। দিনটি উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন সকালে বনানী কবরস্থানে মরহুমার কবর জিয়ারত করবেন। পরে আসরের নামাজের পর ধানমন্ডির বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বেবী মওদুদ কর্মজীবনে দৈনিক সংবাদ, ইত্তেফাক, চিত্রালী এবং মুক্তকণ্ঠ-এ সাংবাদিকতা করেন। তিনি সাপ্তাহিক বিচিত্রার ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) প্রধান বার্তা সম্পাদক হিসেবে কাজ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিডি নিউজের সামাজিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বিভিন্ন বিষয়ে লেখা বেবী মওদুদের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৮টি। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে দুঃখ কষ্ট ভালোবাসা, পাকিস্তানে বাংলাদেশের নারী পাচার, নারীর ভুবন, গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা, বাংলাদেশের নারী, শেখ মুজিবের ছেলেবেলা, পুটুর জন্য ছড়া ও কবিতা ইত্যাদি। বাসস।