
ফিরে এল বৈশাখী দিন। বাংলা দিনপঞ্জিকায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো ১৪২৩ সনের দিন গণনা। আপন জাতিসত্তার আলোকে নিজেকে চিনে নেওয়ার তাগিদে উদ্বুদ্ধ আবালবৃদ্ধবনিতা সারা দেশে আজ মেতে উঠবে নববর্ষের বৈশাখী উৎসবে।
গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয় আলপনা আঁকার কাজ। শিল্পী মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে এক দল শিল্পী এ কাজে অংশ নেন।
‘বার্জার রঙে রঙিন বৈশাখ ১৪২৩’ শীর্ষক এই আলপনা আঁকার কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রাত পৌনে ১২টায় লাল রঙের একটি আলপনা দিয়ে তিনি আঁকার উদ্বোধন করেন।
উদ্বোধনের পর স্পিকার বলেন, আলপনা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। আলপনাতে যেসব ছবি আঁকা হয়, তা-ও গ্রাম-বাংলার সংস্কৃতির অংশ। তিনি বলেন, এ নতুন বছর রঙে রঙিন হোক বাঙালির।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘আমরা কায়মনে বাঙালি হতে পারলে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব। সে জন্য সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এটাই শুভদিন।’
বার্জারের পৃষ্ঠপোষকতায়, এশিয়াটিক ইএক্সপির আয়োজনে এই উৎসবে আরও বক্তব্য দেন এশিয়াটিকের চেয়ারম্যান আলী যাকের, শিল্পী মনিরুজ্জামান প্রমুখ।
জীর্ণ পুরাতনকে পরিত্যাগ করে; জরা, গ্লানি, ব্যর্থতা, হতাশাকে বিদায় দিয়ে নতুন দিনে, নতুন সম্ভাবনাকে স্বাগত জানানো হবে দিনের সূচনায়। তারপর গানের আসর, মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলায় ঘুরেফিরে, প্রিয়জনদের সঙ্গে আড্ডায় মেতে কেটে যাবে বেলা। পোশাকে-আশাকে থাকবে বাঙালি ঐতিহ্যের বর্ণাঢ্য প্রকাশ, খানাপিনাতেও। প্রতিদিনের রুটিনমাফিক জীবনে এক ভিন্নতর স্বাদ এনে দেবে বছরের প্রথম দিন।
ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, আন্তর্জাতিক যোগাযোগসহ জীবনযাত্রার বহুবিধ প্রয়োজনে গ্রেগরিয়ান বর্ষপঞ্জির অনুসরণ এখন অনিবার্য। তা সত্ত্বেও বাঙালি তার নিজের বর্ষপঞ্জিকার গুরুত্ব অপ্রয়োজনীয় বোধ করেনি। কৃষিনির্ভর এই দেশের গ্রামাঞ্চলের সাধারণ মানুষ তাদের চাষাবাদ, ঋতু পরিক্রমার অনুসরণ, নানা তিথি-পার্বণ, আচার অনুষ্ঠান পালনে বাংলা বর্ষপঞ্জিই অনুসরণ করে থাকে। তবে বাঙালি আন্তর্জাতিকতার সঙ্গে আপন সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে বাংলা নববর্ষকে দিয়েছে এক নতুন মাত্রা। বাংলা নববর্ষ তথা পয়লা বৈশাখ এখন বাঙালির জীবনে সর্ববৃহৎ সামাজিক উৎসবে পরিণত হয়েছে। ধর্মবর্ণনির্বিশেষে দেশের সব শ্রেণি-পেশার মানুষ অভিন্ন হৃদয়াবেগে আজ মিলিত হবে এই বিপুল আনন্দযজ্ঞে। সব মতপার্থক্য, ভেদাভেদ ঘুচিয়ে সবাইকে এক চেতনায় ঐক্যবদ্ধ করে তোলার অন্তর্নিহিত শক্তিই নিছক আনন্দ উৎসবের স্তর থেকে এক মহৎ মানবিক আয়োজনে উত্তরণ ঘটিয়েছে বৈশাখী উৎসবের।
আজ সরকারি ছুটির দিন। বরাবরের মতোই সকাল থেকে ঢাকা মহানগরে নামবে সুবেশ নরনারীর ঢল। রমনার বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতি সংগীতানুষ্ঠানের ভেতর দিয়ে সূচনা হবে উৎসবের সবচেয়ে বড় আনুষ্ঠানিকতার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হবে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। উৎসবের মূল কেন্দ্র রমনা-সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডির রবীন্দ্রসরোবর, পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক হয়ে সারা শহরই হয়ে উঠবে উৎসবমুখর। এবার অবশ্য নিরাপত্তার জন্য বিকেল পাঁচটার মধ্যে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান শেষ করতে হবে। তবে উৎসবের রেশ থেকে যাবে তার পরেও।
বাংলা নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সুখী, সুন্দর, নীরোগ, কল্যাণময় জীবন কামনা করেছেন।