আজ বোধন, কাল থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত শিল্পীরা। গতকাল পুরান ঢাকার নর্থ ব্রুক হল রোডের শ্রীশ্রী দুর্গা মন্দির থেকে তোলা ছবি l প্রথম আলো
দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত শিল্পীরা। গতকাল পুরান ঢাকার নর্থ ব্রুক হল রোডের শ্রীশ্রী দুর্গা মন্দির থেকে তোলা ছবি l প্রথম আলো

শেষ হলো অপেক্ষার পালা । আজ রোববার দুর্গতিনাশিনী দশভুজা দেবীর বোধন। কাল মঙ্গলবার থেকে সারা দেশে মহাধুমধামে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকের বোল, কাঁসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠবে সারা দেশের পূজামণ্ডপ। বছর ঘুরে দেবীর আগমনিবার্তায় উৎসবের আমেজ এখন হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে।

গত মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। আর কাল মহাষষ্ঠী পূজা দিয়ে শুরু হবে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব। ইতিমধ্যে কুমোরপাড়া থেকে প্রতিমা এনে স্থাপন করা হয়েছে মন্দিরে মন্দিরে। এবার দেবীর আগমন নৌকায়, তিনি ফিরবেন দোলায়।

আজ সোমবার সায়ংকালে হবে দেবীর বোধন। মঙ্গলবার সকাল নয়টা ৫৮ মিনিটে কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা, সায়ংকালে আমন্ত্রণ ও অধিবাস।

পূজার সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা গতকাল প্রথম আলোকে বলেন, ‘এ বছর ঢাকা মহানগরে ২২১টি এবং সারা দেশে ২৮ হাজার ৫০০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সকল প্রস্তুতি শেষ। ঢাকায় নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক।’ তিনি জানান পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে আজ বেলা ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

পূজার সময়সূচি: মহানগর সার্বজনীন পূজা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ষষ্ঠী, ১ অক্টোবর মহাসপ্তমী, ২ অক্টোবর মহাষ্টমী, ৩ অক্টোবর এক দিনে মহানবমী ও বিজয়া দশমী অনুষ্ঠিত হবে। তবে প্রতিমা বিসর্জন হবে ৪ অক্টোবর। এদিন ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গন থেকে বিজয়া শোভাযাত্রা বের করা হবে।