আজ ব্রির বার্ষিক কর্মশালা শুরু
আজ রোববার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এই কর্মশালায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিআরসি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), ইরিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, কৃষকসহ তিন শতাধিক অংশগ্রহণকারী যোগ দেবেন।কর্মশালায় গত এক বছরে ব্রির গবেষণা কার্যক্রমের পাশাপাশি দেশের জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের চার দশকের অর্জন ও অগ্রগতি সম্পর্কে তথ্য তুলে ধরা হবে। আয়োজকেরা জানান, ব্রি এ পর্যন্ত চারটি হাইব্রিডসহ মোট ৫৭টি উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে। এসব ধান সনাতন জাতের তুলনায় দুই-তিনগুণ বেশি ফলন দেয়। বর্তমানে দেশের প্রায় ৮০ শতাংশ জমিতে ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের চাষ করা হয় এবং এর থেকে দেশের মোট ধানের উৎপাদনের প্রায় ৯০ শতাংশ আসে। আর এর ফলে দেশে আবাদি জমির পরিমাণ কমে যাওয়া সত্ত্বেও চার দশক আগের তুলনায় দেশে ধান উৎপাদন তিনগুণ বেড়েছে।