জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুরোধে আজ শুক্রবার কলা ও আইন অনুষদের (বি-ইউনিট) ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। তবে বাকি আরও চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বহাল আছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, একাডেমিক কাউন্সিলের অনুরোধ, উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কাল ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকেরা।
শিক্ষক সমিতি ও প্রশাসন সূত্র জানায়, অষ্টম জাতীয় বেতনকাঠামোতে শিক্ষকদের পদমর্যাদা পুনর্নির্ধারণ ও স্বতন্ত্র বেতন স্কেল দাবিতে গত বুধবার ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষক সমিতি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এই সিদ্ধান্তকে শৃঙ্খলাবিরোধী উল্লেখ করে ওই দিনই সংগঠনটিকে সাময়িকভাবে বহিষ্কার করে।