আজ ভারতের গোয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ রোববার ভারতের দক্ষিণ-পশ্চিমের রাজ্য গোয়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনব্যাপী এই সম্মেলনের থিম হচ্ছে ‘ব্রিকস-বিমসটেক: একটি অংশীদারত্বের সুযোগ’।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ফ্লাইটে আজ সকাল আটটায় ঢাকা ত্যাগ করবেন এবং সকাল ১০টা ৪৫ মিনিটে (ভারতীয় সময়) গোয়ায় পৌঁছাবেন। ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আলিনা সালদানহা, গোয়া সরকারের সচিব (কো-অপারেশন) পদ্মা জয়সবাল এবং মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সামিনা নাজ গোয়া নৌ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
প্রধানমন্ত্রী আজ বিকেলে ‘বিমসটেক লিডারস রিট্রিট এবং ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ’ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাইয়ুথ চাঁন ও চাঁ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল ১৭ অক্টোবর দেশে ফিরবেন।