আজ ভিটামিন 'এ' খাবে শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার সারা দেশের ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। সকাল আটটা থেকে বিকেল চারটার মধ্যে এই বয়সের শিশুদের নিকটস্থ টিকা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দেশের প্রায় দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সারা দেশের এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রে ও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ক্যাপসুল খাওয়ানো হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা এ কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।
দেশে একসময় রাতকানা রোগের প্রকোপ অনেক বেশি ছিল। রাতকানা রোগ ভিটামিন ‘এ’-এর অভাবজনিত একটি রোগ। ভিটামিন ‘এ’ খাওয়ানো কর্মসূচি বাস্তবায়নের ফলে দেশে রাতকানা রোগের প্রকোপ অনেক কমে এসেছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এই কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, শিশুদের ভরা পেটে কেন্দ্রে আনতে হবে। জোর করে বা কান্নারত শিশুকে ক্যাপসুল খাওয়ানো যাবে না। আজ যেসব শিশু বাদ পড়বে, পরবর্তী চার দিন স্বাস্থ্যকর্মীরা তাদের বাড়ি বাড়ি গিয়ে ক্যাপসুল খাওয়াবেন। আজ বেলা ১১টায় রাজধানীর মহাখালীর নিপসম মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ সারা দিন উপজেলা, জেলা ও কেন্দ্রে সার্বক্ষণিকভাবে নিয়ন্ত্রণকক্ষ খোলা থাকবে বলে জানিয়েছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। এসব নিয়ন্ত্রণকক্ষ থেকে কর্মসূচি পরিচালনা ও নজরদারি করা হবে।