আজ ভিয়েতনামের প্রেসিডেন্ট আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং।
ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং।

ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং তিন দিনের সফরে আজ রোববার বাংলাদেশে আসছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে এ সফরে আসছেন তিনি।

গত ১৪ বছরে এটিই হবে ভিয়েতনামের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। ২০০৪ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট ত্রান দাক লুয়ং সর্বশেষ বাংলাদেশ সফর করেন। স্বাধীন বাংলাদেশকে প্রথম দিকে স্বীকৃতিদানকারী দেশগুলোর অন্যতম ভিয়েতনাম।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বিকেল চারটার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিয়েতনামের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন। বিমানবন্দর থেকে ভিয়েতনামের প্রেসিডেন্ট সোনারগাঁও হোটেলে যাবেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি সেখানেই থাকবেন।

কাল সোমবার সকাল আটটার দিকে প্রেসিডেন্ট কুয়াং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাড়ে নয়টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবেন তিনি। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন।