আজ ভয়াল ২৯ এপ্রিল
আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এই দিনে সারা দেশের মতো চট্টগ্রামের আনোয়ারা উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড়ে হাজারো মানুষ প্রাণ হারায়। ভয়াবহ সেই দুর্যোগের দুই যুগ পরও আনোয়ারা উপকূলের বাসিন্দারের আতঙ্ক কাটেনি। বেড়িবাঁধের ভেঙে যাওয়া অংশ বর্ষা শুরু হওয়ার আগে সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উপজেলার রায়পুর ইউনিয়নের বাছামিয়া মাঝির ঘাট, বার আউলিয়া, ধলঘাট, পূর্ব গহিরা এলাকায় উপকূলীয় বেড়িবাঁধের অনেক অংশ ভেঙে গেছে। জোয়ারের পানি বাড়লেই এসব এলাকার লোকালয়ে পানি প্রবেশ করে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইছমাইল প্রথম আলোকে বলেন, ‘১৯৯১ সালের ভয়াল ঘূর্ণিঝড়ের দুই যুগ পরও আমাদের আতঙ্ক কাটেনি। প্রতিবছর বর্ষা এলেই প্রাণ হাতে নিয়ে দিন কাটাই আমরা।’
পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রামের উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন মুঠোফোনে বলেন, আনোয়ারার উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারে জরুরি ভিত্তিতে কাজ করা হবে। তবে ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
২৯ এপ্রিল স্মরণে উপজেলার বার আউলিয়া ফাউন্ডেশন খতমে কোরআন, মিলাদ ও স্মরণসভার আয়োজন করেছে।