আজ মঙ্গলবার কুমিল্লা অঞ্চলের গণিত উৎসব
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান নিয়ে আজ মঙ্গলবার কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো কুমিল্লা অঞ্চলের গণিত উৎসব-২০১২। সকাল নয়টায় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এই উৎসব হবে।এতে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী অংশ নেবে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠান হচ্ছে। প্রথম আলোর ব্যবস্থাপনায় আয়োজিত এই উৎসবে দেশের বিশিষ্ট গণিতবিদ, বিজ্ঞানী ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।দিনব্যাপী আয়োজিত উৎসবে উদ্বোধনী পর্ব, গণিত অলিম্পিয়াড, বন্ধুতা পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্পট কুইজ, প্রশ্নোত্তর পর্ব, রুবিস কিউব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকবে।বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।