আজ মধ্যরাত থেকে সভা সমাবেশ ও মিছিল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনে আজ রোববার দিবাগত রাত ১২টা থেকে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও মাইকিং বন্ধ থাকবে। তবে প্রার্থী ও প্রার্থীর সমর্থকেরা ব্যক্তিগতভাবে ভোটারদের কাছে ভোট চাইতে পারবেন।
আগামী মঙ্গলবার প্রথম ধাপে দেশের ৭২১টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। ওই দিন রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে প্রথমবারের মতো ভোটাররা সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত পছন্দের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের ভোট দেবেন। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১টি ইউপির ভোট পিছিয়ে ২৩ মার্চ গ্রহণ করা হবে। এ ছাড়া কক্সবাজারের টেকনাফের দুটি ইউনিয়নের ভোট গ্রহণ করা হবে ২৭ মার্চ। সব মিলিয়ে প্রথম ধাপে ৭৩৪টি ইউপিতে ভোট গ্রহণ হবে।
তৃণমূলের এই নির্বাচনকে ঘিরে গ্রামীণ জনপদে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার পাশাপাশি রয়েছে সংঘাত ও সহিংসতার আশঙ্কা। ইতিমধ্যে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও সহিংসতায় আটজন মারা গেছেন এবং দেড় হাজারের বেশি লোক আহত হয়েছেন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে থেকে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও মাইকিং বন্ধ থাকবে। ভোট গ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে গত সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। শুক্রবার থেকে ব্যালট পেপার পাঠানোর কাজ শুরু হয়েছে।
২০১১ সালের ইউপি নির্বাচনে সীমিত পরিসরে সেনাবাহিনী ও নৌবাহিনী মোতায়েন থাকলেও এবার তা থাকছে না। নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানা যায়, নির্বাচনে প্রতিটি উপজেলায় ভ্রাম্যমাণ ও অপেক্ষমাণ বাহিনী হিসেবে তিন প্লাটুন করে বিজিবি রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। সঙ্গে থাকবে র্যাবের তিনটি দল। উপকূলীয় এলাকায় বিজিবির পরিবর্তে কোস্টগার্ড দায়িত্ব পালন করবে। প্রতি ইউনিয়নে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসারের একটি করে ভ্রাম্যমাণ ও অপেক্ষমাণ বাহিনী রাখার পরিকল্পনা রয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০ জন সদস্য মোতায়েন করতে বলা হয়েছে। এ ছাড়া নির্বাচনী দায়িত্ব পালনের জন্য কমিশন থেকে নির্বাহী হাকিমের সংখ্যা বাড়াতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন থেকে সড়ক বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২১ মার্চ রাত ১২টা থেকে ভোটের দিন রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় বেবিট্যাক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো প্রভৃতি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। ভোটের আগের তিন দিন থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁদের নির্বাচনী এজেন্ট, গণমাধ্যম ও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে।