মাত্র এক মাসের ব্যবধানে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলার সংখ্যা বেড়েছে ৩৭১টি। এর মধ্যে কেবল নারী নির্যাতনের মতো অপরাধের মামলা ২৬৮টি। দিনের হিসাবে এই সংখ্যা প্রায় নয়টি। এ বছরের জুলাই ও আগস্ট মাসে দেশের সার্বিক অপরাধের চিত্র এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও মূল্যায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও মূল্যায়ন প্রতিবেদনসহ মোট ১৪টি বিষয়ে আলোচনা করা হবে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান।
প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে নারী নির্যাতনের ঘটনায় মামলার সংখ্যা ছিল এক হাজার ৩৮৩। আগস্ট মাসে তা বেড়ে হয়েছে এক হাজার ৬৫১। আর মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য বলছে, গত ছয় মাসে ১৫৩ জন নারী শুধু পারিবারিক বলয়ে খুন হয়েছেন।
নারী নির্যাতনের ঘটনা বাড়ার কারণ হিসেবে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকেই দায়ী করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, সরকারের এ দিকটায় জোর দেওয়া উচিত।
তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল প্রথম আলোকে বলেন, পারিবারিক কারণেই নারী নির্যাতনের ঘটনা ঘটছে। পরিসংখ্যান কোনো মাসে কম, কোনো মাসে বেশি হতেই পারে। তবে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো বিষয় নেই।
মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, জুলাইয়ের তুলনায় আগস্টে বিভিন্ন অপরাধের ঘটনায় মামলার সংখ্যা বেড়েছে এক হাজার ৭৬টি। আর গত বছরের তুলনায় বেড়েছে ১৯২টি। এর মধ্যে শিশু নির্যাতনের ঘটনায় মামলার সংখ্যা ১৩২ থেকে বেড়ে ১৭৫টি, ধর্ষণ ৩০৪ থেকে বেড়ে ৩৮৫ হয়েছে। তবে অ্যাসিড নিক্ষেপের মতো অপরাধ কমেছে। গত জুলাইয়ে চারটি ঘটনায় মামলা হয়েছিল। আর আগস্টে তা কমে হয়েছে দুটি।
কম গুরুত্বপূর্ণ মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে আজ মন্ত্রিসভার বৈঠকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হবে। কমিটির কাছে পুলিশ সদর দপ্তরের পাঠানো এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, কম গুরুত্বপূর্ণ মামলা চিহ্নিত করে তা অতি দ্রুত নিষ্পত্তি করতে হবে। কম গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে যদি আসামি না পাওয়া যায়, তবে তাদের গ্রেপ্তারের জন্য অপেক্ষা না করে ফৌজদারি কার্যবিধি ১৭৩ অনুসারে পুলিশ প্রতিবেদন দেওয়া যেতে পারে।