ঢাকার কমলাপুরের অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নাকি রেলওয়ের নিয়ন্ত্রণে থাকবে—এই নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ নিয়ে ডিপো শ্রমিকেরা এক সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন। গতকাল সোমবারও কমলাপুর আইসিডিতে বিক্ষোভ হয়। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এম আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই জটিলতা নিরসনে আজ মঙ্গলবার রেলভবনে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মধ্যে বৈঠক হবে। সূত্র জানায়, ১৯৮৭ সালে রেলওয়ের জমিতে আইসিডি স্থাপন করা হয়। এটি চালানোর দায়িত্ব পায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ১৯৯৬ সালে রেলওয়ে ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। তাতে বলা হয়, ২০১০ সাল পর্যন্ত আইসিডির আয় বন্দর কর্তৃপক্ষ ও রেলওয়ে ভাগাভাগি করে নেবে। ২০০৮ সালে বন্দর কর্তৃপক্ষ সমঝোতা স্মারকের সময়সীমা বাড়ানোর আবেদন করে। রেলওয়ে জানিয়ে দেয়, ২০১০ সালের পর তারাই আইসিডি চালাবে। কিন্তু রেলওয়ে প্রস্তুতি নিতে না পারায়, ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত বন্দর কর্তৃপক্ষকেই আইসিডি চালাতে অনুরোধ করে। আইসিডি সূত্র জানায়, আইসিডি বন্দর কর্তৃপক্ষের অধীনে রাখার জন্য শ্রমিকেরা আন্দোলন করছে। তারা রেলওয়ের অধীন যেতে চাইছে না। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন, ভূমি ও কনটেইনারসহ আইসিডিতে তাঁরা অনেক অবকাঠামো গড়ে তুলেছেন। প্রথম দিকে রেলের যন্ত্রপাতি ছিল না বলে বন্দর কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন রেলওয়ে আইসিডি চালানোর দায়িত্ব নিতে প্রস্তুত।