আজ মহা অষ্টমী কুমারী পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবে আজ সোমবার মহা অষ্টমী। জবরদস্তি ও অকল্যাণের প্রতীক মহিষাসুর বধের চূড়ান্ত পর্যায়। দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তম্যাদি কল্পারম্ভের মধ্য দিয়ে গতকাল রোববার শেষ হয়েছে সপ্তমী পূজা। বাসস জানায়, মহা অষ্টমীর দিন আজ সকাল নয়টা ৪৮ মিনিট থেকে একটা ১১ মিনিটের মধ্যে দুর্গা দেবীর মহা অষ্টম্যাদিবিহিত পূজা প্রশস্তা ও মহা অষ্টমীর ব্রতোবাস। রাত ১১টা ৪৭ মিনিট থেকে সন্ধিপূজা আরম্ভ। এ ছাড়াও দুপুরে অষ্টমী পূজা শেষে অঞ্জলি প্রদান ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ। মহা অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। ঢাকার রামকৃষ্ণ মিশনসহ কয়েকটি স্থানে কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। রামকৃষ্ণ মিশনের সহসম্পাদক নিরঞ্জন মহারাজ জানান, মহা অষ্টমীর দিন বেলা ১১টায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘যে জগৎমাতাকে (দেবী দুর্গা) আমরা আরাধনা করি, তিনি সব নারীর মধ্যে মাতৃরূপে আছেন। এ উপলদ্ধি সবার মধ্যে জাগ্রত করার জন্যই কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।’প্রতিবছর এই কুমারী পূজা ভক্তমণ্ডলী ছাড়াও সর্বসাধারণের মধ্যে বিশেষ কৌতূহল সৃষ্টি করে। ঢাকার রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপে এ পূজা দেখতে প্রতিবছর ব্যাপক জনসমাগম হয়। গতকাল দুর্গোৎসবের মহা সপ্তমীতে ঢাকা মহানগরের পূজামণ্ডপগুলোয় ভক্ত ও পূজারিদের ব্যাপক সমাগম হয়। তবে কোথাও কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর পূজা উদ্যাপন পরিষদের নেতারা জানিয়েছেন, ঢাকার মতোই দেশের সর্বত্র উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব চলছে।