স্বদেশ পাওয়ার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বাঙালির জীবনে নিজের করে লাল-সবুজ পতাকা পাওয়ার দিন, জাতীয় সংগীত পাওয়ার দিন, স্বাধীন স্বদেশ পাওয়ার দিন। আজ মহান বিজয় দিবস।

দীর্ঘ নয় মাস বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে রক্তাক্ত সংগ্রামের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয়েছিল চূড়ান্ত বিজয়। রমনার তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহ্‌রাওয়ার্দী উদ্যান) বাঙালির বুকে বুলেট চালানো অস্ত্রগুলো পায়ের কাছে নামিয়ে রেখে আত্মসমর্পণ করেছিল হানাদারেরা। সারা বাংলায় ডিসেম্বরের হিমেল হাওয়ায় পতপত করে উড়েছিল স্বাধীন বাঙালির রক্তসবুজ জাতীয় পতাকা।

ত্রিশ লাখ শহীদের রক্ত, তিন লাখ মা-বোনের সম্ভ্রম, সহায়-সম্পদের বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে অর্জিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের এই বিজয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধিকারের দাবিতে জেগে ওঠা বাঙালির ওপর অতর্কিতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের অন্ধকারে হামলা চালায় পাকিস্তানি ঘাতক বাহিনী। নিরস্ত্র, ঘুমন্ত মানুষকে হত্যা করে পৈশাচিক উল্লাসে। কিন্তু পরাভব মানেননি বাংলামায়ের বীর সন্তানেরা। বঙ্গবন্ধু সাতই মার্চ তাঁর ঐতিহাসিক ভাষণে আগাম সতর্ক করে দিয়ে বলেছিলেন যাঁর কাছে যা আছে, তাই নিয়ে প্রস্তুত থাকার জন্য। সেই দিকনির্দেশনা অনুসারে বাঙালি ঝাঁপিয়ে পড়ে হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে। তারপর রক্তের আখরে লেখা হলো বাঙালির চির গৌরবের ইতিহাস। পরাধীনতার নিগড় মুক্ত হয়ে অভ্যুদয় ঘটল স্বাধীন বাঙালির।

১৯৫২ সালে মহান রাষ্ট্রভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে স্বাধিকারের চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল জাতি, সেই আন্দোলন ক্রমান্বয়ে অসহযোগ, গণ-অভ্যুত্থান হয়ে ক্রমবিকাশের মধ্য দিয়ে উপনীত হয়েছে মুক্তিযুদ্ধে। স্বাধীনতার জন্য এই দীর্ঘ আন্দোলন-সংগ্রামে যে বীরেরা অকাতরে আত্মদান করেছেন, কৃতজ্ঞ জাতি তাঁদের আজ বিনম্রচিত্তে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।

ভোর থেকেই সর্বস্তরের মানুষের ঢল নামবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। ফুলে ফুলে ভরে উঠবে সৌধের বেদি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের পর সৌধপ্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য।

বাণী: মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। এসব বাণীতে তাঁরা দেশের স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁদের বিদেহী আত্মার চিরকল্যাণ কামনা করেছেন এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার বিজয় দিবসে সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে জাতীয় পত্রিকাগুলো প্রকাশ করেছে বিশেষ সংখ্যা। এ ছাড়া বাংলাদেশ বেতার, বিটিভি ও বিভিন্ন টিভি চ্যানেল সম্প্রচার করছে বিশেষ অনুষ্ঠান।