আজ মহান মে দিবস
আজ পয়লা মে, মহান মে দিবস। দিনটি বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের সংগ্রামের প্রতীকী দিন। সারা বিশ্বের মতো বাংলাদেশও দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে। তবে এবার অন্য বছরের তুলনায় ভিন্ন আঙ্গিকে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি।সাভারে ভবনধসে হতাহতের ঘটনায় এবার শোকের আবহে দিবসটি পালিত হবে। এ জন্য কর্মসূচি কাটছাঁট করা হয়েছে। এ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে সরকারি কর্মসূচির তথ্য তুলে ধরেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (শ্রম) ফয়জুর রহমান। তিনি বলেন, সাভারের মর্মান্তিক ঘটনার জন্য এবার সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া কর্মসূচির শুরুতে সাভারে নিহত ব্যক্তির স্মরণে নীরবতা পালন করা হবে। এবারের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাতটায় রাজধানীর রাজউক অ্যাভিনিউয়ে শ্রম ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ করা। সকাল ১০টায় ওসমানী মিলনায়তনে আলোচনা সভা। সেখানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন শ্রমিক সংগঠনও দেশজুড়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ১৮৮৬ সালের ১ মে শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে হতাহত হন অনেক শ্রমিক। শ্রমিকদের এই আত্মদানের ফলেই দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবিটি প্রতিষ্ঠিত হয়েছিল। তখন থেকেই দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।