
জাতির জীবনে আজ অনন্য এক দিন। আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। ৪৬ বছর আগে এই দিনেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে দখলদারমুক্ত করার সংগ্রামে নামার আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে গতকাল শনিবার জাতি প্রথমবারের মতো ২৫ মার্চের কালরাতকে গণহত্যা দিবস হিসেবে জাতীয়ভাবে পালন করল। শোক ও স্বাধীনতার গর্বিত মুহূর্ত খুব কম জাতির জীবনে এভাবে পাশাপাশি এসেছে।
পাকিস্তানি ঘাতক সেনাবাহিনী ২৫ মার্চ রাতে যখন রাজধানীতে এক নৃশংস গণহত্যায় মেতে ওঠে, তখন ধানমন্ডি ৩২ নম্বরে নিজ বাসায় গ্রেপ্তার হওয়ার আগমুহূর্তে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে একটি বার্তা পাঠান। বার্তায় তিনি বলেছিলেন ‘আজ থেকে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র। একে যে রকম করেই হোক শত্রুর হাত থেকে রক্ষা করতে হবে।’ ইপিআরের ওয়্যারলেস থেকে তাঁর এই বার্তা প্রচারিত হয়েছিল। চট্টগ্রামে আওয়ামী লীগ নেতারা মাইকে এটি প্রচার করেন। পরে চট্টগ্রামে অবস্থানরত বাঙালি সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর এ ঘোষণা তাঁর পক্ষে বেতারে পাঠ করলে দেশবাসী স্বাধীনতাযুদ্ধ শুরু হওয়ার বিষয়টি জানতে পারে।
পাকিস্তানি সেনাবাহিনীর হামলা শুরুর পরপরই দেশের বীর সন্তানেরা বিভিন্ন স্থানে প্রতিরোধসংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। বঙ্গবন্ধুর নির্দেশ মতো যার যা আছে তা-ই নিয়ে মুক্তিসংগ্রামে অংশ নেয় বাঙালি। নয় মাস মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয় চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা। জাতি আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করবে দেশের জন্য জীবন উৎসর্গ করা বীর সন্তানদের।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
কর্মসূচি: স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভোর ৫টা ৫৬ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধের প্রবেশপথ উন্মুক্ত করে দেওয়া হবে। পরে সকাল ৭টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের কার্যালয়ে সকাল নয়টায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। পুলিশ হেডকোয়ার্টার্স রাজারবাগ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে।
প্রথম পালিত হলো গণহত্যা দিবস: মুক্তিযুদ্ধের ৪৬ বছর পর গতকাল শনিবার প্রথমবারের মতো গণহত্যা দিবস হিসেবে পালিত হলো ২৫ মার্চ। সরকারি-বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৯৭১ সালে হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে গণহত্যার শিকার শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করল জাতি।
দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘রক্তাক্ত ২৫ মার্চ, গণহত্যার ইতিবৃত্ত’ শিরোনামে দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী।
বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশের বিভিন্ন বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করে। এ ছাড়া সারা দিনই চলে আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি, রক্তদান কর্মসূচি, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাসস জানায়, দিবসটি উপলক্ষে গতকাল শনিবার মিরপুর বধ্যভূমি প্রাঙ্গণে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ১৪ দল। এ ছাড়া আয়োজন করা হয় আলোচনা সভা। ঢাকা মহানগর আওয়ামী লীগ (উত্তর) মিরপুরের বাংলা কলেজ প্রাঙ্গণে ও ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) লালবাগ মাঠে আলাদা সমাবেশ করে। এ ছাড়া জাতীয় প্রেসক্লাব, ডেমোক্রেটিক অ্যালায়েন্স, ইসলামিক ফাউন্ডেশন আলোচনা সভার আয়োজন করে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গতকাল বাদ জোহর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কুরআনখানি, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। তেজগাঁও সিএসডি চত্বরে স্বাধীনতা স্তম্ভ ‘বিজয় ৭১’ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।