আজ মহালয়া
আজ বৃহস্পতিবার দেবীপক্ষ শুরু হচ্ছে। দেবী দশভুজা দুর্গা আজ মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান করবেন। হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস, কৈলাস ছেড়ে দেবী দুর্গা এই দিনে পিতৃগৃহে আসেন।রাজধানীসহ সারা দেশের নির্ধারিত মন্দিরে ও পূজামণ্ডপে চণ্ডীপাঠ, আবাহন গীত ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে মহালয়ার কর্মসূচি পালিত হবে। ১৩ অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে।দেড় কোটি টাকা বরাদ্দ: দুর্গাপূজা উপলক্ষে সরকার সারা দেশের পূজামণ্ডপের জন্য দেড় কোটি টাকা বরাদ্দ করেছে। পূজার আগেই এ টাকা জেলা প্রশাসকেরা সংশ্লিষ্ট পূজামণ্ডপে বণ্টন করবেন। গত মঙ্গলবার হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন ধর্মসচিব কাজী হাবিবুল আওয়াল, ট্রাস্টি মানিকলাল সমদ্দার, এস সি খান, নিরঞ্জন অধিকারী, প্রতিমা পাল মজুমদার, আশালতা বৈদ্য, তপন কুমার সেন, স্বপন কুমার রায়, নির্মলকান্তি দাস প্রমুখ। সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ অর্থ বরাদ্দ করা হয়েছে।