শারদীয় দুর্গোৎসবে আজ মহাষষ্ঠী। দেবীর বোধন ও মূল প্রতিমায় পূজা শুরু। রাজধানীসহ দেশের সব পূজামণ্ডপ এখন ঢাকের বাদ্যে মুখরিত। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, আজ সকালে বোধন। বিকেলে অধিবাস ও ষষ্ঠীপূজা। আটটি মঙ্গলদ্রব্যে এই পূজা করা হবে।দুর্গোৎসব উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া পৃথক বাণীতে হিন্দুধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।রাষ্ট্রপতির বাণী: রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, দেশের বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে ধর্মীয় অনুষ্ঠানাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে সংহত করবে।প্রধানমন্ত্রীর বাণী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা। শেখ হাসিনা বলেন, ‘আমি বিশ্বাস করি, সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সুষম উন্নয়নের মাধ্যমে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সক্ষম হব।’বিরোধীদলীয় নেত্রীর বাণী: সংসদে বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, সব ধর্মের মর্মবাণী হচ্ছে শান্তি ও মানবকল্যাণ। দুর্গাপূজার শিক্ষা হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী অসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে।অন্যদের শুভেচ্ছা: আরও শুভেচ্ছাবাণী পাঠিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ তফসিল জাতি ফেডারেশন, বাংলাদেশ জাতীয় হিন্দু পরিষদ, রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রম, বাংলাদেশ জাতীয় হিন্দু মৈত্রী পরিষদ, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রভৃতি।উৎসবের আমেজ: রাজধানীর কয়েকটি পূজামণ্ডপ ঘুরে গতকালই দেখা গেছে দর্শনার্থীদের ভিড়। মণ্ডপগুলোতে সাজসজ্জা শেষ করার ব্যস্ততা। আজ পূজার সময় দেবীর পায়ে অঞ্জলি প্রদান ছাড়াও আরতি ও ভক্তিমূলক গানের আয়োজন করা হয়েছে অনেক মন্দিরে। এবারও শাঁখারীবাজার ও তাঁতীবাজারে পূজামণ্ডপের সাজসজ্জা সড়কেও ছড়িয়ে পড়েছে। শাঁখারীবাজার পঞ্চায়েত কমিটির সদস্য নকুলেশ্বর নাগ বলেন, আজ থেকে দর্শনার্থী ও ভক্তদের কথা চিন্তা করে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে। শাঁখারীবাজারের একটি মণ্ডপ কমিটির সভাপতি রজত কুমার সূর প্রথম আলোকে বলেন, শাঁখারীবাজারে এবার ১৯টি মণ্ডপে পূজা হচ্ছে।