বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় আজ শনিবার মহাষ্টমী। শারদীয় দুর্গোৎসবে পূজারি ও ভক্তরা মহাষ্টমীকে বিশেষ জাঁকজমকপূর্ণ করে পালন করেন। অষ্টমী পূজাকেই শারদীয় দুর্গোৎসবের ‘ক্লাইমেক্স’ হিসেবে গণ্য করা হয়।
মহাষ্টমীর দিনে রামকৃষ্ণ মঠ ও মন্দিরগুলোতে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। স্বামী বিবেকানন্দ শারদীয় দুর্গোৎসবে এই কুমারী পূজার প্রচলন করেন। ঢাকার রামকৃষ্ণ মিশন মণ্ডপে কুমারী পূজা হবে আজ বেলা ১১টায়।
রামকৃষ্ণ মিশন ছাড়া সব মন্দিরে আজ সকাল নয়টা ৪৮ মিনিটের মধ্যে মহাষ্টমীর পূজা বিহিত। বেলা ১১টায় অঞ্জলি প্রদান। বিকেল চারটা ১৮ মিনিটের মধ্যে সন্ধিপূজা শুরু এবং পাঁচটা ছয় মিনিটের মধ্যে তা সম্পন্ন হবে। রামকৃষ্ণ মিশনে অষ্টমী পূজা শুরু হবে সকাল সোয়া সাতটায়, সন্ধিপূজা হবে রাতে।
গতকাল শুক্রবার ছিল মহাসপ্তমী। সকালে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শুভ সপ্তমী। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে সপ্তমীর মহোৎসব।
মহাসপ্তমীতে পূজার উপাদান হিসেবে সকালে দেবী দুর্গার চক্ষুদান, আসন, বস্ত্র, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা দেওয়া হয়। দুপুরে মণ্ডপে মণ্ডপে চলে প্রসাদ বিতরণ। এ ছাড়া সপ্তমীর সন্ধ্যায় ভক্তিমূলক গান, রামায়ণ পালা ও আরতি দিয়ে সাজানো হয় অনুষ্ঠানমালা।
সকালে কলাবাগান মাঠে শিশু-কিশোর, তরুণ-তরুণী, আবালবৃদ্ধবনিতা দেবীর পায়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রতিবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজা উপলক্ষে মেলা বসছে ।