আজ মাকালকান্দি গণহত্যা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৮ আগস্ট বুধবার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাকালকান্দি গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী হিন্দু অধ্যুষিত পাঁচটি গ্রামে দুই শতাধিক নিরীহ মানুষকে হত্যা করে। এ ছাড়া এ দেশীয় রাজাকাররা গ্রামগুলোতে অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাট করে।গ্রামগুলো হলো মাকালকান্দি, জিলুয়া, হারুনী, নজিপুর ও গুগরাপুর। এগুলোর মধ্যে মাকালকান্দি গ্রামটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মাকালকান্দি গ্রামের হূদেশ চন্দ্র দাশ (৫৭) প্রথম আলোকে জানান, ওই দিন ছিল মনসা পূজা। স্থানীয় রাজাকার সৈয়দ ফজলুল হকের নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনী সেদিন নিরস্ত্র-নিরীহ গ্রামবাসীর ওপর হামলা চালায়।একই গ্রামের কান্তি মোহন দাস (৩৫) জানান, ‘আমার পরিবারের কাকা-জেঠাসহ মোট ১১ জনকে ওই দিন হত্যা করা হয়। ওই দিন চারটি বুলেটবিদ্ধ হয়ে আমার বাবা কংস মোহন দাস এখনো বেঁচে আছেন।’মাকালকান্দি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা রতীশ চন্দ্র দাস জানান, পাকিস্তানি সেনাবাহিনীর উদ্দেশ্য ছিল হিন্দু নিশ্চিহ্ন করা আর এ দেশীয় রাজাকাররা হিন্দুদের ধন-সম্পদ লুট করতে চেয়েছিল। মাকালকান্দি গ্রামে তখন দেড় শতাধিক পরিবারের বাস। এসব পরিবারের জমির পরিমাণ ছিল কয়েক হাজার বিঘা। রাজাকাররা ওই দিন কোটি টাকার সম্পদ লুট করে।মাকালকান্দি গণহত্যা দিবস স্মরণে মাকালকান্দি গ্রামে ২০০৮ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকীর প্রচেষ্টায় একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।দিবসটি উপলক্ষে স্থানীয় গ্রামবাসী স্বাধীনতার পর থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আজ দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।