আজ মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস
আজ ২৬ জুন শনিবার ‘মাদক-দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’। ‘মাদক পরিহার করুন, স্বাস্থ্য নিয়ে ভাবুন’—এই স্লোগান নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হবে।দিনটি উপলক্ষে দেওয়া আলাদা বাণীতে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর দিনটির জাতিসংঘ ঘোষিত প্রতিপাদ্য বিষয় ‘যুব সমাজ ও স্বাস্থ্য’। দিনটি সামনে রেখে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।দিনটি উপলক্ষে আজ সারা দেশে মাদকবিরোধী শোভাযাত্রার আয়োজন করেছে বাংলালিংক-প্রথম আলো। প্রথম আলো বন্ধুসভা দেশের ৪৬টি স্থানে মাদকবিরোধী শোভাযাত্রা করবে। চট্টগ্রাম, রংপুর, নোয়াখালী, যশোর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, কুষ্টিয়া, রাজশাহী, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, সিলেট, সুনামগঞ্জ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, পাবনা, ভৈরব, মাগুরা, গোপালগঞ্জ, বগুড়া, পঞ্চগড়, ঝালকাঠি, খাগড়াছড়ি, কক্সবাজার, জামালপুর, ঝিনাইদহ, দিনাজপুর, ময়মনসিংহ, ভোলা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুয়েট (খুলনা), রুয়েট (রাজশাহী), চুয়েট (চট্টগ্রাম), নবাবগঞ্জ (ঢাকা), টেকনাফ (কক্সবাজার), তাহিরপুর (সুনামগঞ্জ) ও সোনারগাঁয়ে (নারায়ণগঞ্জ) এসব শোভাযাত্রা হবে। কখন কোন এলাকা থেকে শোভাযাত্রা শুরু হবে, তা স্থানীয় বন্ধুসভার সঙ্গে যোগাযোগ করে জেনে নেওয়ার অনুরোধ করা হয়েছে।জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিস্তারিত কর্মসূচি নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মাদকবিরোধী ব্যানার-ফেস্টুনসহ মানববন্ধন, আলোচনা সভা, মাদকবিরোধী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মাদকবিরোধী মাইকিং ইত্যাদি। এ ছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন আবিষ্কার, জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি, অনন্যা সাংস্কৃতিক গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করবে।বাণী: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এক বাণীতে মাদকদ্রব্যের অবাধ বিস্তার ও অপব্যবহার বন্ধ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক, সুখী ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে।