আজ মাদকবিরোধী সেরা প্রতিবেদনের পুরস্কার বিতরণ
গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত মাদকবিরোধী সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার বিতরণী আজ সোমবার অনুষ্ঠিত হবে। ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস সামনে রেখে বিকেল চারটায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের পঞ্চম তলায় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় মাদকবিরোধী সেরা প্রতিবেদনের জন্য ২০১০ সাল থেকে সাংবাদিকদের পুরস্কৃত করছে প্রথম আলো ট্রাস্ট।
অনুষ্ঠানে বিচারকের রায়ে সেরা ছয় সাংবাদিকের হাতে পুরস্কারের চেক, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অংশ নেবেন নাগরিক সমাজের প্রতিনিধি।
টেলিভিশন ও সংবাদপত্রে প্রচারিত ও প্রকাশিত প্রতিবেদনের জন্য ছয়জন সাংবাদিককে ‘মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার ২০১৫’ দেওয়া হবে। প্রথম স্থান অধিকারীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীদের ২৫ হাজার ও তৃতীয় স্থান অধিকারীদের ১৫ হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়া প্রত্যেককে একটি সনদ ও ক্রেস্ট দেওয়া হবে।
প্রতিবেদন নির্বাচনের জন্য বিচারকমণ্ডলীর দায়িত্বে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর ও বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল।