আজ মান্নান ভূঁইয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী

বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৮ জুলাই। এ উপলক্ষে আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের উদ্যোগে নরসিংদীর শিবপুরের ধানুয়া গ্রামে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, শোকযাত্রা, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
পরিষদের সদস্যসচিব ও শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা বলেন, সকাল ১০টায় শিবপুর বাসস্ট্যান্ড থেকে শোকযাত্রা শুরু হয়ে ধানুয়ায় মান্নান ভূঁইয়ার কবরে গিয়ে শেষ হবে। সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আবদুল মান্নান ভূঁইয়া ২০১০ সালের এই দিনে মারা যান। ১৯৪৩ সালের ১ মার্চ নরসিংদীর মনোহরদীর চন্দনবাড়ী ইউনিয়নের আসাদনগর গ্রামে নানার বাড়িতে তাঁর জন্ম। তাঁর পৈতৃক বাড়ি শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামে। মান্নান ভূঁইয়া নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে চারবার সাংসদ নির্বাচিত হন।