শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জালাল আহমদকে আজ সোমবার মুক্তি না দিলে আন্দোলনে নামবে ইউনিয়ন পরিষদ ফোরাম।গত শনিবার জালালকে গ্রেপ্তারের পর মুক্তির দাবিতে তিন দিনের সময় বেঁধে দিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করে ইউনিয়ন পরিষদ ফোরাম। আজ সোমবার বেঁধে দেওয়া সময় (আলটিমেটাম) শেষ হচ্ছে।ইউনিয়ন পরিষদ ফোরামের নেতারা গত শনিবার বিকেলে আদালত চত্বরে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভায় মিলিত হয়ে ইউপি চেয়ারম্যান জালালের মুক্তি দাবি করেন। ফোরামের পক্ষ থেকে বলা হয়, সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে একটি আইন-সহায়তার কর্মশালায় অংশ নিয়েছিলেন জালাল আহমদ। এই কর্মশালায় সিলেট বিভাগের ১০০ জন ইউপি চেয়ারম্যান তৃণমূলের জনপ্রতিনিধি হিসেবে অংশ নেন। জেলা পরিষদ থেকে জালালকে গ্রেপ্তার করা হয়।ফোরামের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় জামায়াতের নেতা জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইনসহ অন্য চেয়ারম্যানরা বক্তব্য দেন। প্রতিবাদ সভার পর রাতে ফোরামের বৈঠক শেষে জালালের মুক্তির জন্য তিন দিনের আলটিমেটাম ঘোষণা করা হয়।ফোরামের সহসভাপতি ও গোলাপগঞ্জের বাদেপাশা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘তাঁর রাজনৈতিক পরিচয় যাই থাকুক, আইন-সহায়তার একটি কর্মশালা থেকে বের হলে বেআইনিভাবে তাঁকে গ্রেপ্তার করায় আমরা বেশি ক্ষুব্ধ হয়েছি। তিন দিনের মধ্যে তাঁর মুক্তি না দেওয়া হলে ইউপি চেয়ারম্যানরা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।’মহানগর পুলিশের জালালাবাদ থানা সূত্র জানায়, গত ১১ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের সময় বহিরাগত শিবির ক্যাডারদের বিশ্ববিদ্যালয়ে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করা হয় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জালাল আহমদকে। তিনি জামায়াতের সমর্থক। পুলিশের দাবি, ঘটনার পর দায়ের করা তিনটি মামলায় তাঁকে আসামি করা হয়েছে। মামলার পর থেকে জালাল গা ঢাকা দিয়ে ছিলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের একটি কর্মশালা থেকে ফেরার পথে শনিবার দুপুরে তাঁকে মহানগর গোয়েন্দা পুলিশ আটক করে থানায় সোপর্দ করে।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন জানান, পুলিশ ও আহত দুই ছাত্রের দায়ের করা তিনটি মামলায় ইউপি চেয়ারম্যান জালাল এজাহারভুক্ত আসামি। তদন্তে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।