আজ মুক্তিযুদ্ধে দুই ভাইয়ের আত্মদানের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৯ নভেম্বর শনিবার। মুক্তিযুদ্ধে এদিন মাগুরার মহম্মদপুর উপজেলায় দুই সহোদরসহ তিনজন শহীদ হন। এ উপলক্ষে উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা গ্রামে দুই সহোদরের বাড়িতে আলোচনা ও মিলাদসহ নানা কর্মসূচি পালিত হবে।
শহীদ দুই সহোদর হলেন হাবিবুর রহমান মহম্মদ (২৭) ও আহম্মদ হোসেন (২৫)। অন্যজন হলেন ইপিআর সদস্য যশোরের রূপদিয়া এলাকার মহম্মদ আলী।
একাত্তর সালের ১৯ নভেম্বর ছিল ঈদুল ফিতরের আগের দিন। এদিন মহম্মদপুর উপজেলা সদরে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়। মুক্তিযুদ্ধের ইতিহাসে এটি ‘মহম্মদপুর যুদ্ধ’ নামে পরিচিত। এতে অংশ নিয়ে শহীদ হন ওই তিনজন। তাঁদের দাফন করা হয় বাড়ির পাশে নাগড়িপাড়া মাদ্রাসা-সংলগ্ন কবরস্থানে।
মুক্তিযুদ্ধের সময় মহম্মদ ঝিনাইদহ সদরের সাগান্না প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আহম্মদ ছিলেন পাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। মহম্মদের স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে আছেন। আহম্মদ ছিলেন অবিবাহিত।
মহম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৬২) বলেন, ‘স্বামী ও তাঁর ভাই একসঙ্গে শহীদ হন। অনেক কষ্ট সহ্য করেছি। তবে না পাওয়ার কোনো বেদনা নেই। কারণ তাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন।’ মহম্মদের বড় ছেলে মোস্তাফিজুর রহমান বলেন, মুক্তিযুদ্ধে দুই সহোদরের আত্মদানের ঘটনা বিরল। তাঁদের ত্যাগ অন্যদের প্রেরণা জুগিয়েছিল। এ জন্য পরিবার গর্বিত।