আজ মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা
আজ শুক্রবার মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন বিভাগের পরিচালক শাহ আবদুল লতিফ জানান, সব কটি পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্তসংখ্যক আইন প্রয়োগকারী সংস্থার সদস্যসহ ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন। ঢাকার চারটি কেন্দ্র উচ্চক্ষমতাসম্পন্ন দল পরিদর্শন করবে। ঢাকার বাইরে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ পাহারায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে।দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজে আসনসংখ্যা তিন হাজার ৪০টি। আজ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৫১ হাজার ২৩৬ জন শিক্ষার্থী।২৩ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ধরা পড়ায় পরীক্ষা পেছানো হয়। ওই ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর ছাপাখানার ব্যবস্থাপক ফাইজুর রহমান এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে সেগুলো তাঁর ভাগনে শাহেনশাহ ঠাকুরকে দিয়ে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানে পাঠাতেন। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি এ তথ্য দিয়েছেন।স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর ছাপাখানার ব্যবস্থাপক ফাইজুর রহমান (৪৭) এবং ওই ছাপাখানার কারিগর এস এম আলমগীর (৩৯) দুই দিনের এবং ফাইজুরের ভাগনে শাহেনশাহ চার দিনের রিমান্ডে রয়েছেন। মঙ্গলবার ফাইজুর ও আলমগীরকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশ গত মঙ্গলবার দুই দিনের এবং এর আগে গ্রেপ্তার হওয়া শাহেনশাহকে কারাগার থেকে গত বুধবার চার দিনের রিমান্ডে নেয়।মামলা তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রিমান্ডে শাহেনশাহ গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম-ঠিকানা পাওয়া গেছে। এসব ব্যক্তিকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।