রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আজ বসবে দেশের সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের মিলনমেলা।
বিকেল পাঁচটায় শুরু হবে ১৭তম মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪-এর অনুষ্ঠান। মাছরাঙা টেলিভিশনে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি।
পঁচিশে বৈশাখ উপলক্ষে এবারের অনুষ্ঠানের মূল উপজীব্য হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
অনুষ্ঠানে একজন গুণী শিল্পীকে দেওয়া হবে ‘আজীবন সম্মাননা ২০১৫’ পুরস্কার।
চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত বিভাগে পাঠকের ভোটে সাতটি তারকা জরিপ পুরস্কার এবং চলচ্চিত্র ও টিভি নাটক বিভাগে বিচারকদের রায়ে আটটি সমালোচক পুরস্কার দেওয়া হবে এই আয়োজনে। এবারই প্রথমবারের মতো পাঠকের ভোটে সেরা নবীন অভিনয়শিল্পীর পুরস্কার দেওয়া হচ্ছে।
এ অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। বিকেল পাঁচটার মধ্যে অতিথিদের আসন গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।
অনুষ্ঠানে শিশুদের ও ক্যামেরা সঙ্গে না আনার এবং মুঠোফোন বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।