
মেলা খুলবে আজ দুপুর ১২টায়। ফেব্রুয়ারিতে মেলা বললে অমর একুশে গ্রন্থমেলাকেই বোঝায়। ছুটির দিন ছাড়া মেলা শুরুর সময় বেলা তিনটা। আজ ছুটি নয়। তবু মেলার দরজা যে আগেই খুলছে, তার উপলক্ষ বসন্ত। ঋতুরাজকে স্বাগত জানাতে বাসন্তী সাজে সাজবে নগরবাসী। এর ছোঁয়া লাগবে মেলাতেও। বই বিক্রিও বাড়বে—অতীত অভিজ্ঞতা থেকে এ রকমই প্রত্যাশা করছেন প্রকাশকেরা।
আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিতে হবে
ইতিহাসবিদ মুনতাসীর মামুনের সঙ্গে কথা হলো সোহরাওয়ার্দী অংশে। মেলায় গতকাল বুধবারই তিনি প্রথম এলেন। নতুন পরিবেশ দেখেশুনে তাঁর মন্তব্য হলো, ‘এই মেলার এখন একটি স্থায়ী জায়গা দরকার। এই তো এখানে প্রচুর লোক আসছে। আগে বলা হচ্ছিল, একাডেমির মাঠ ছাড়লে মেলায় লোক হবে না। এসব ভাবাবেগ ছেড়ে বাস্তবতাকে প্রাধান্য দিতে হবে। যারা বই কিনবে, তারা মেলা যেখানেই হোক বই কিনতে যাবেই।’ তিনি পরামর্শ দিলেন মেলা করা বাংলা একাডেমির দায়িত্ব নয়। এই মেলা করতে গিয়ে একাডেমি দুই মাসের বেশি তাদের নির্ধারিত কাজ করতে পারে না। বইয়ের উন্নয়নে জাতীয় গ্রন্থকেন্দ্রের কাজ করার কথা। তাদেরই উচিত মেলা করা। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তারা দেশের বিভাগীয় শহরগুলোতে মেলা করে ফেব্রুয়ারিতে মেলা করবে ঢাকায়। বাণিজ্য মেলার মেয়াদ কমিয়ে সেই মাঠেই বইমেলা করা যেতে পারে বলে তিনি মনে করেন।
মোড়ক উন্মোচন
মোড়ক উন্মোচন বরাবরই একাডেমির বটতলাতে হয়। গতকাল এখানে ১৯টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এর মধ্যে কয়েকটি হলো: তাম্রলিপি থেকে প্রকাশিত হিমাংশু করের ইতিহাসবিষয়ক প্রাচীন বাংলার অজানা গল্প: বাঙালি জাতি, বাংলা ভাষা ও বাংলাদেশের উদ্ভব। দি স্কাই পাবলিশার্স থেকে সাহেদ মন্তাজের গবেষণা বাংলাদেশের আদিবাসী পূর্বাপর, খোশরোজ কিতাব মহল থেকে কাজী শফিকুল আযমের গল্প গল্পে গল্পে নীতিকথা ইত্যাদি।
শেষ হলো বোবা পাথর
প্রথমা থেকে প্রকাশিত মঈনুস সুলতানের ভ্রমণকাহিনি জিম্বাবুয়ে বোবা পাথর সালানিনি বইটি এবার প্রথম আলোর বর্ষসেরা বইয়ের পুরস্কার পেয়েছে। বইটি পাঠকদের নজরও কেড়েছে। মেলায় প্রথমার বিক্রয় প্রতিনিধি জানালেন, প্রথম মুদ্রণ শেষ হলো গতকাল। তাঁরা এই দিনে মেলায় এনেছেন কবি শামসুর রাহমানের কবিতা প্রথম গান থেকে বন্দী শিবির প্রথম ছয় কাব্যগ্রন্থ। এ ছাড়া এই দিন পুরোনো বইয়ের মধ্যে খালেদ মোশাররফের মুক্তিযুদ্ধে ২ নং সেক্টর এবং কে ফোর্স বইটি বেশ ভালো চলেছে।
নতুন বই
গতকাল তথ্যকেন্দ্রের তালিকায় উঠেছে ৮৮টি নতুন বইয়ের নাম। এর মধ্যে আছে অ্যাডর্ন থেকে শুভাশিস সিনহার প্রবন্ধ ভাষা কবিতা ও রবীন্দ্রনাথ, নন্দিতা থেকে তসলিমা নাসরিনের কবিতা রক্তপাতহীন বিশ্রাম চাই, আগামী থেকে ফাহমিদা খাতুনের প্রবন্ধ বাংলাদেশের অর্থনীতি ভেতর ও বাহির, প্রতিভা থেকে রফিকুর রশীদের উপন্যাস নিষিদ্ধ সুবাস, দি রয়েল পাবলিশার্স থেকে জামাল হাসানের গণিতবিষয়ক বুদ্ধির অংক বুদ্ধ্যাংক, অনিন্দ্য থেকে আখতার হুসেনের ছড়া সোনায় মোড়া ছড়া ও মৃত্যুঞ্জয় রায়ের কৃষিবিষয়ক পাহাড়ি ফসল।
মেলামঞ্চে
‘বাংলার নবজাগরণে মোহাম্মদ রওশন আলী চৌধুরী’ শীর্ষক আলোচনা ছিল মেলামঞ্চে। প্রবন্ধ পড়েন ইসরাইল খান। মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাখাওয়াত আলী খান, শফিউল আলম ও রহমান হাবিব। শেষে ছিল আবৃত্তি ও আরশিনগর বাউল সংঘের লোকগান।