মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের হামলায় জালাল উদ্দিন (২৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তাঁকে নিজেদের কর্মী দাবি করে হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বৃহস্পতিবার মৌলভীবাজার জেলায় হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। তিনি উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামের মতরুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালাল উদ্দিন পার্শ্ববর্তী দক্ষিণভাগ ইউনিয়নের কাসেমনগর গ্রামে বোনের বাড়ি থেকে ফিরছিলেন। মঙ্গলবার রাত নয়টার দিকে স্থানীয় লক্ষ্মীছড়া বাজারের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত লাঠি নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থান জখম হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থার অবনতি ঘটায় সেখান থেকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জামায়াতে ইসলামীর উপজেলা কমিটির সেক্রেটারি ফয়ছল আহমদ দাবি করেন, জালাল উদ্দিন তাঁদের সংগঠনের একজন সক্রিয় কর্মী ছিলেন।
জেলা কমিটির সেক্রেটারি শাহেদ আলী মুঠোফোনে জানান, হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) হরতাল ডাকা হয়েছে। এ ছাড়া কাল শুক্রবার দোয়া কর্মসূচি পালিত হবে।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান বিকেলে প্রথম আলোকে জানান, হত্যাকাণ্ডের ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।