কারাবন্দী বাংলাদেশি নাগরিক মহিউদ্দিন বাবুলকে যুক্তরাজ্যের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার দুপুরে হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিটিশ হাইকমিশনারের প্রতিনিধিদের হাতে তাঁকে তুলে দেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সিলেটের বাসিন্দা মহিউদ্দিন বাবুল যুক্তরাজ্যে থাকাকালে একাধিক ব্যক্তিকে খুন করেন। সর্বশেষ ১৯৯৭ সালে এক ব্রিটিশ নাগরিককে খুন করে দেশে পালিয়ে আসেন। বাংলাদেশে আসার পর ১৯৯৯ সালের ১১ এপ্রিল সিলেট পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। এ সময় তাঁর বিরুদ্ধে মোট সাতটি মামলা হয়। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি খালাস এবং জামিন পান। কিন্তু তার পরও তাঁকে আটকাদেশ দিয়ে কারাগারে রাখা হয়। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক পার্থ গোপাল বণিক প্রথম আলোকে বলেন, তাঁকে মুুক্তি দেওয়ার নির্দেশ কারাগারে এসেছে। আজ দুপুরে তাঁকে মুক্তি দেওয়া হবে। সূত্র জানায়, জামিন পাওয়ার পরও মুক্তি না হওয়ায় বাবুলের পরিবারের পক্ষ থেকে আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা করা হয়। আদালত এ মামলা খারিজ করে বাবুলকে যুক্তরাজ্য সরকারের হাতে তুলে দিতে বলেন। তবে গ্রেপ্তারের পর থেকেই যুক্তরাজ্য সরকার বাবুলের বিষয়টি পর্যবেক্ষণ করছিল বলে জানা গেছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তারা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহমেদ তাঁকে ব্রিটিশ সরকারের প্রতিনিধির হাতে তুলে দেবেন। ব্রিটিশ সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের প্রতিনিধিরা তাঁকে গ্রহণ করবেন। তবে জানতে চাইলে যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।