আজ রক্তাক্ত ২১ আগস্ট
২১ আগস্ট, ২০০৪। বিকেল পাঁচটা ২২ মিনিট। বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর বানানো মঞ্চে বক্তৃতা করছেন আওয়ামী লীগের সভানেত্রী ও সংসদে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। চারপাশে হাজার হাজার মানুষ। শেখ হাসিনার বক্তৃতা শেষ হওয়ার পরপরই শুরু হবে সন্ত্রাসবিরোধী শোভাযাত্রা।বক্তৃতা শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে হাতে থাকা একটি কাগজ ভাঁজ করতে করতে শেখ হাসিনা এগিয়ে গেলেন সিঁড়ির দিকে। মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরিত হতে লাগল একের পর এক গ্রেনেড।মুহূর্তের মধ্যে বঙ্গবন্ধু এভিনিউ যেন পরিণত হয় এক মৃত্যুপুরীতে। শত শত মানুষের আর্তচিত্কার, ছড়িয়ে-ছিটিয়ে থাকা নারী-পুরুষের ছিন্নভিন্ন দেহ আর বেঁচে থাকার জন্য, বাঁচানোর জন্য মুমূর্ষু মানুষের আকুতি—সে এক ভয়াবহ দৃশ্য।আজ সেই ভয়াল ও বিভীষিকাময় ২১ আগস্ট। শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ষষ্ঠ বার্ষিকী। দিনটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে।আজ বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবে আওয়ামী লীগ, যুবলীগ ও আওয়ামী আইনজীবী পরিষদ। বিকেল তিনটায় গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে মুক্তাঙ্গনে সমাবেশ করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বিকেল পাঁচটা ২২ মিনিটে বঙ্গবন্ধু এভিনিউর অস্থায়ী বেদির সামনে দাঁড়িয়ে দুই মিনিট নীরবতা পালন করবে আওয়ামী লীগ ও যুবলীগ। একই সময়ে সারা দেশে সব দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও যুবলীগ দুই মিনিট নীরবতা পালন করবে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বিকেল তিনটায় বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। সন্ধ্যায় গণভবনে ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত্কার ও ইফতারের আয়োজন করা হয়েছে।দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি বাণীতে বলেন, ২১ আগস্ট জাতির ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায়। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, এই হামলার লক্ষ্য ছিল স্বাধীনতা, গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন বন্ধ করে দেওয়া।