আজ রথযাত্রা ও মেলা শুরু
আজ মঙ্গলবার শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রীজগন্নাথ দেবের রথযাত্রা ও রথমেলা। ২১ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে নয় দিনের রথযাত্রা শেষ হবে। রথযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকে রাজধানীতে এক হাজারেরও বেশি পুলিশ ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন হচ্ছে। ৫ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক নিরাপত্তা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।আজ ধামরাইয়ে ঐতিহ্যবাহী শ্রীশ্রীযশোমাধবের রথযাত্রা উৎসব হবে। ঢাকায় এ বছর রথযাত্রার সবচেয়ে বড় আয়োজন করবে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)। স্বামীবাগের ইসকনের আশ্রমে বেলা দুইটায় অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। উদ্বোধন করবেন সাংসদ মিজানুর রহমান। বিকেল চারটায় তিনটি রথসহ শোভাযাত্রা ইসকন আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির মোড়, মতিঝিলের শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাব, দোয়েল চত্বর হয়ে রমনা কালীমন্দির, জগন্নাথ হল, পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। শ্রীশ্রীজগন্নাথ জিউ ঠাকুর মন্দিরের রথযাত্রা তাঁতীবাজার দুর্গাপূজা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কোতোয়ালি রোড, ইসলামপুর, পাটুয়াটুলি, সদরঘাট, জনসন রোড, রায়সাহেব বাজার, ইংলিশ রোড হয়ে আবার পূজা প্রাঙ্গণে ফিরে আসবে। এ ছাড়া রামসীতা মন্দির রথযাত্রার আয়োজন করেছে।রথযাত্রা উপলক্ষে শাঁখারীবাজার, তাঁতীবাজার, স্বামীবাগ আশ্রম ও ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে রথমেলা হবে। এতে পূজা-অর্চনার নানা উপকরণসহ বিভিন্ন পণ্যসামগ্রী থাকবে।