পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবি
আজ রাঙামাটি ও বান্দরবানে হরতাল
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিল ও বান্দরবানের বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবি এবং আলুটিলা বিশেষ পর্যটন জোন প্রকল্প বাতিলের প্রতিবাদে পাঁচ বাঙালি সংগঠন আজ বুধবার রাঙামাটি ও বান্দরবান জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। একই দাবিতে কাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় হরতাল পালিত হবে।
একই দাবিতে পার্বত্য চট্টগ্রামের পাঁচ বাঙালি সংগঠনের এটি দ্বিতীয় দফা হরতাল।
গতকাল মঙ্গলবার সারা দিন হরতাল প্রত্যাহার নিয়ে রাঙামাটিতে নানা গুঞ্জন ছিল। তবে পাঁচ বাঙালি সংগঠনের আহ্বায়ক আলকাছ আল মামুন ভূঁইয়ার পাঠানো ই-মেইল বার্তায় হরতাল চলবে বলে জানানো হয়। গতকাল বিকেলে আলকাছ আল মামুন ভূঁইয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পাঁচ বাঙালি সংগঠনের মধ্য থেকে কিছু সুবিধাবাদী দালাল হরতাল নস্যাৎ করতে এ অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের কার্যকলাপের সঙ্গে কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁকে বহিষ্কার করা হবে।’
সাংবাদিকদের কাছে পাঠানো ই-মেইল বার্তায় বলা হয়, পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদসহ সম-অধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ আন্দোলন থেকে পিছু হটবে না।
৬ অক্টোবর পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী জাতীয় সংসদে পাস হয়।