আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৬ জুলাই। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৯৫৩ সালের ৩১ মার্চ প্রাদেশিক পরিষদে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। একই বছরের ৬ জুলাই ড. ইৎরাত হোসেন জুবেরীকে উপাচার্য করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেই সময় পদ্মাপারের বড় কুঠি ও রাজশাহী কলেজের বিভিন্ন ভবনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। ১৯৬১ সালে বড় কুঠি থেকে নয়নাভিরাম মতিহারের এ সবুজ চত্বরে আসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। শুরুতে দর্শন, ইতিহাস, বাংলা, ইংরেজি, অর্থনীতি, গণিত ও আইন বিষয়ে স্নাতকোত্তর কোর্স দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৯টি অনুষদের আওতায় ৫৬টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হচ্ছে। তা ছাড়া উচ্চতর গবেষণার জন্য রয়েছে ছয়টি ইনস্টিটিউট।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন ও পায়রা ওড়ানো হবে। এই আয়োজনে আরও রয়েছে বৃক্ষরোপণ, শোভাযাত্রা ও আলোচনা সভা।

বেলা ১১টায় সিনেট ভবনে উপাচার্য এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম সাইদুর রহমান খান।