জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ অভিযোগ-ভিত্তিক যুক্তি উপস্থাপন শেষ করেছে। আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষ আইনগত বিষয়ে যুক্তি উপস্থাপন করবে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল আজহারুলের বিরুদ্ধে ষষ্ঠ ও শেষ অভিযোগের ওপর যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল। এ নিয়ে গত পাঁচ দিনে তিনি ছয়টি অভিযোগের ওপর তথ্যপ্রমাণ ও সাক্ষ্য উপস্থাপন শেষ করলেন। আজ অভিযোগের আইনগত বিষয়গুলো নিয়ে যুক্তি দেবেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ।
আজহারুলের বিরুদ্ধে মামলায় ১৮ আগস্ট থেকে যুক্তি উপস্থাপন শুরু হয়। গত বছরের ১২ নভেম্বর তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ গঠন করা হয়। ২৬ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ২০১২ সালের ২২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজহারুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বার্গম্যানের বিষয়ে পরবর্তী শুনানি ৪ সেপ্টেম্বর: বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল ইংরেজি দৈনিক নিউ এজ-এর বিশেষ প্রতিবেদনের সম্পাদক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি হয়েছে। শুনানিতে বার্গম্যানের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান দাবি করেন, বার্গম্যানের লেখায় আদালত অবমাননা হয়নি, বরং তিনি গঠনমূলক সমালোচনা করেছেন। এ ছাড়া লেখার কোন অংশের জন্য আদালত অবমাননা হয়েছে, তা নির্দিষ্ট করে বলা হয়নি।
বিবাদীপক্ষের শুনানি শেষ হলে আবেদনকারী পক্ষের শুনানির জন্য ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে নিজস্ব ব্লগে করা মন্তব্যের বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি ডেভিড বার্গম্যানের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন এই ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ ব্যাখ্যা চান। পরে এ বিষয়ে বার্গম্যানের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় ১৭ এপ্রিল ট্রাইব্যুনাল-২ তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন।