আজ রাষ্ট্রপতির জন্মদিন
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ৮৪তম জন্মদিন আজ। প্রবীণ এই রাজনীতিবিদ ১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম মেহের আলী মিঞা ছিলেন প্রখ্যাত আইনজীবী ও তৎকালীন ময়মনসিংহ লোকাল বোর্ডের চেয়ারম্যান এবং জেলা বোর্ডের সদস্য।জিল্লুর রহমান ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক আমতলায় ১৯৫২ সালের ১৯ ফেব্রুয়ারি ঐতিহাসিক ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন তিনি। সেখানেই একুশে ফেব্রুয়ারির কর্মসূচি নেওয়া হয়। ২০ ফেব্রুয়ারি রাতে ফজলুল হক ও ঢাকা হলের মধ্যবর্তী পুকুরপাড়ে যে ১১ ছাত্রনেতার নেতৃত্বে একুশে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত হয়, জিল্লুর রহমান ছিলেন তাঁদের অন্যতম। ১৯৬২ সালের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ৬৬-এর ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ-অভ্যুত্থানসহ প্রতিটি গণ-আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৭০ সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হন।রাষ্ট্রপতি জিল্লুর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ১৯৭৩ ও ১৯৮৬ সালে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে সপ্তম সংসদে তিনি পুনরায় সাংসদ নির্বাচিত হন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে তিনি পুনরায় সাংসদ নির্বাচিত হন।১৯৭২ সালে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি এবং জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৪ সালে তিনি পুনরায় দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯২ ও ’৯৭ সালে দলীয় কাউন্সিলে তিনি পর পর দুই বার দলের সাধারণ সম্পাদক হন।